মেষ 

মেষ রাশি: চলতি বছরে স্বাস্থ্যগত দিক থেকে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। মাঝেমধ্যে নানা ধরনের শারীরিক সমস্যায় ভোগান্তি হতে পারে—বিশেষ করে স্নায়ু, হাড় বা জয়েন্টের সমস্যা, বাতজনিত কষ্ট, মাথাব্যথা কিংবা গোপন অঙ্গ সংক্রান্ত অসুবিধা দেখা দিতে পারে। যানবাহন চালানোর সময়, বিশেষত বাইক চালালে, বাড়তি সতর্কতা জরুরি।

আর্থিক দিক মোটামুটি অনুকূলে থাকবে এবং বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা প্রবল। আষাঢ় মাসের পর থেকে নতুন সম্পত্তি—যেমন গাড়ি, জমি বা ফ্ল্যাট কেনার সুযোগ তৈরি হতে পারে। পারিবারিক বা শরিকি সম্পত্তি নিয়ে কিছু জটিলতা থাকলেও তা শেষ পর্যন্ত মিটে যাবে।

চাকরিজীবীদের জন্য জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময় থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে। তবে সহকর্মীদের অসহযোগিতা বা বিরূপ মনোভাব কিছু বাধা তৈরি করতে পারে। দেশ বা বিদেশে নতুন কাজের সুযোগও আসতে পারে। বিশেষ করে আইটি, ব্যাংকিং, পুলিশ, সামরিক বা প্রশাসনিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা ভালো। তবে নিজের অসতর্কতা বা অতিরিক্ত লোভ থেকে ক্ষতির আশঙ্কা রয়েছে।

ব্যবসার ক্ষেত্রে—বিশেষ করে রাসায়নিক পণ্য, প্রিন্টিং, বিজ্ঞাপন, ওষুধ, জমি-বাড়ি, যানবাহন, খাদ্যশস্য, যন্ত্রপাতি বা খনিজ দ্রব্য—আষাঢ়ের পর থেকে আয় বাড়তে পারে। অবিবাহিত বা ডিভোর্সপ্রাপ্তদের জন্য জ্যৈষ্ঠ মাসের শেষদিকে বিয়ের সম্ভাবনা তৈরি হতে পারে।

পারিবারিক দিক থেকে কিছু দুশ্চিন্তা থাকতে পারে—বিশেষ করে গুরুজন বা জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। মানসিক অস্থিরতা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও বৃদ্ধি পেতে পারে। উচ্চশিক্ষা ও গবেষণায় কিছু বাধা এলেও ধীরে ধীরে অগ্রগতি হবে। সাহিত্যচর্চায় আনন্দ ও সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। তবে আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে সম্পর্ক সবসময় অনুকূল নাও থাকতে পারে।

শুভ রত্ন: রক্ত প্রবাল
শুভ উপাস্য: দুর্গা বা শিব
জপ: দুর্গা বা শিবের নাম
পালনীয় দিন: শনিবার 
শুভ রং: লাল, হলুদ, গেরুয়া, গোলাপি, উজ্জ্বল আকাশি


বৃষ

বৃষ রাশি: চলতি বছরটি মোটের উপর অনুকূল ফল দেবে। মাঝেমধ্যে কিছু সমস্যা দেখা দিলেও তা দ্রুতই কেটে যাবে। স্বাস্থ্যগত দিক থেকে মিশ্র ফল পাওয়া যেতে পারে—স্নায়ুর সমস্যা, বাত, সর্দি-কাশি ইত্যাদিতে অস্বস্তি হতে পারে। এছাড়া প্রেশার, সুগার, পেট বা বুক সংক্রান্ত পুরনো সমস্যাও মাঝে মাঝে বাড়তে পারে। চোট-আঘাত বা রক্তপাতের সম্ভাবনা থাকায় সতর্ক থাকা জরুরি।

অর্থনৈতিক দিক অত্যন্ত শুভ। একাধিক উৎস থেকে ভালো আয় হতে পারে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনাও রয়েছে। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি পাওয়া বা শরিকি সম্পত্তি ক্রয়ের সুযোগ তৈরি হতে পারে।

চাকরিজীবীদের জন্য এই বছরটি সাফল্যমণ্ডিত—কর্মক্ষেত্রে উন্নতি ও পদোন্নতির সম্ভাবনা প্রবল। কাজের সূত্রে দূরবর্তী রাজ্য বা বিদেশ সফরের সুযোগও আসতে পারে। চিকিৎসা ও বিজ্ঞান গবেষণার সঙ্গে যুক্তদের ক্ষেত্রে বিশেষ সাফল্য ও স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক ও লেখকদের জন্য খ্যাতি ও সম্মান বৃদ্ধি পাবে।

ব্যবসায়ীদের জন্যও সময় অনুকূল। বিশেষ করে লোহা, খনিজ, জমি-বাড়ি, ফ্ল্যাট, কম্পিউটার ও ইলেকট্রনিক্স সংশ্লিষ্ট ব্যবসায় লাভের সম্ভাবনা বেশি। উচ্চতর পেশাগত শিক্ষায় ভালো ফল লাভের যোগ রয়েছে। ব্যাংক, বিমা, রেল, আইটি বা এআই ক্ষেত্রে কর্মরতদের জন্যও সময়টি শুভ।

ব্যক্তিগত জীবনে বৈশাখ মাসের শেষভাগ থেকে অবিবাহিত বা ডিভোর্সপ্রাপ্তদের বিয়ের সম্ভাবনা জোরালো। তবে পিতা-মাতার স্বাস্থ্যের বিষয়ে কিছুটা দুশ্চিন্তা থাকতে পারে। বন্ধুদের থেকে প্রত্যাশিত সহায়তা সবসময় নাও মিলতে পারে। ধর্মীয় বা আধ্যাত্মিক ক্ষেত্রে আগ্রহ ও সাফল্য বৃদ্ধি পাবে।

শুভ রত্নঃ ইন্দ্রনীলা বা ব্লু জারকন 
শুভ জপ: শিব বা দুর্গার নাম
শুভ স্তবঃ শ্রীনৃসিংহ বা দুর্গা 
পালনীয় দিন: শনিবার
শুভ রং: আকাশি, হালকা নীল, উজ্জ্বল সবুজ, উজ্জ্বল সাদা


মিথুন 

মিথুন রাশি: চলতি বছরে পারিবারিক জীবনে ওঠা-নামা চলতেই থাকবে—সমস্যা আসবে, আবার তা কাটিয়েও উঠতে পারবেন। স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকা জরুরি, কারণ কয়েকবার বড় ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। তবে পুরনো কোনো রোগ থেকে মুক্তির সম্ভাবনাও রয়েছে। পেট, স্নায়ু, অন্তঃক্ষরা গ্রন্থি, বাত, রক্তস্বল্পতা, অজীর্ণ, সর্দি-কাশি, সুগার ও প্রেশারজনিত সমস্যায় ভোগান্তি হতে পারে।

সম্পত্তি সংক্রান্ত বিষয়ে পুরনো নথির ভুল নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে। তবে একই সঙ্গে উত্তরাধিকার বা শ্বশুরবাড়ির দিক থেকে সম্পত্তি লাভের সম্ভাবনাও প্রবল। জমি, ফ্ল্যাট বা বাড়ি কেনাবেচার জন্য সময়টি অনুকূল হতে পারে।

কর্মক্ষেত্রে সহকর্মীদের মধ্যে কেউ কেউ বিরূপ মনোভাব পোষণ করতে পারে, তাই সতর্ক থাকা প্রয়োজন। তবে আয় ও সঞ্চয়ের দিক বেশ ভালো থাকবে এবং নামী প্রতিষ্ঠানে কাজের সুযোগও আসতে পারে। কম্পিউটার, এআই, ইলেকট্রনিক্স বা অন্যান্য পেশাদারি শিক্ষায় সাফল্যের সম্ভাবনা উজ্জ্বল।

ব্যক্তিগত জীবনে জীবনসঙ্গী ও সন্তানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হতে পারে। বিবাহযোগ্যদের জন্য বিয়ে, ডিভোর্সপ্রাপ্তদের পুনর্বিবাহ বা সন্তানের প্রাপ্তির যোগ রয়েছে। গুরুজনের স্বাস্থ্যও খুব একটা ভালো নাও যেতে পারে। কখনও কখনও উপকার পাওয়া আত্মীয়দের কাছ থেকেও প্রতারিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে কোনো গুণী ব্যক্তি বা ঘনিষ্ঠ দিদির সহায়তায় কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারবেন।

আবেগে বা কারও কথায় প্রভাবিত হয়ে হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই ভালো, এতে ভালো বন্ধুকেও হারাতে পারেন। সন্তানের কর্মলাভের সম্ভাবনা রয়েছে। নিজের কথা ও আচরণে সংযম রাখা অত্যন্ত জরুরি।

ব্যবসার ক্ষেত্রে—বিশেষ করে সম্পত্তি কেনাবেচা, প্রোমোটিং, খাদ্যদ্রব্য বা বিলাসবহুল পণ্যের ব্যবসায় সাফল্য মিলতে পারে। বুদ্ধিজীবী ও লেখক শ্রেণির মানুষের জন্য সম্মান ও খ্যাতি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শুভ রত্ন: ব্লু জারকন
শুভ স্তব: শ্রী নৃসিংহ সহস্রনাম
জপ: শিবের নাম
পালনীয় দিন: শনিবার
শুভ রং: সবুজ, আকাশি, সাদা


কর্কট 

কর্কট রাশি: চলতি বছরে কাজের ক্ষেত্রে নানা বাধা এলেও ধীরে ধীরে অগ্রগতি হবে। তবে স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকা জরুরি, কারণ শরীর সবসময় ভালো নাও থাকতে পারে। সুগার, প্রেশার, লিভার, পেট, ফ্যাটি লিভার, বাত, স্নায়ু, হার্ট ও ফুসফুসজনিত সমস্যায় ভোগান্তির আশঙ্কা রয়েছে। পড়ে গিয়ে চোট-আঘাত, হাড় ভাঙা, রক্তপাত বা অস্ত্রোপচারের সম্ভাবনাও থাকায় সাবধানে চলাফেরা করা প্রয়োজন।

বিদেশে বসবাসকারীদের জন্য বছরের প্রথম দুই মাস অনুকূল। তবে জ্যৈষ্ঠ থেকে কার্তিক পর্যন্ত সময়টা কিছুটা প্রতিকূল—এই সময় নানা বাধা ও চাপ বাড়তে পারে। কার্তিকের শেষভাগ থেকে মাঘ পর্যন্ত আর্থিক দিক বিশেষ ভালো থাকবে। এই সময় উচ্চশিক্ষা, জমি-বাড়ি কেনা বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঝুঁকিপূর্ণ কাজ বা বড় অঙ্কের বিনিয়োগে সতর্ক থাকুন, কারণ ক্ষতির আশঙ্কা রয়েছে। কর্মক্ষেত্র, ব্যবসা বা পেশায় মাঝে মাঝে চাপ বাড়বে। উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলাই শ্রেয়। বিশেষ করে নারকোটিক, আদালত, কারা বা রেজিস্ট্রি সংক্রান্ত কাজে যুক্তদের জন্য সময়টি খুব একটা অনুকূল নয়। জল, দুধ বা জরিপ সংক্রান্ত কাজে নিয়োজিতদেরও সতর্কভাবে কাজ করা প্রয়োজন।

ব্যবসার ক্ষেত্রে—বিশেষ করে চিনি, শস্য বা সুতির পোশাকের ব্যবসায় ভালো ফল মিলতে পারে। বিজ্ঞানী, চিকিৎসক, শিক্ষক, অধ্যাপক, আইনজীবী ও অভিনয়শিল্পীদের কাজের পরিধি বাড়বে। জমি, বাড়ি, ফ্ল্যাট বা গাড়ি কেনার একাধিক সুযোগ আসতে পারে। আইনি পথে শ্বশুরবাড়ি বা শরিকি সম্পত্তি লাভের সম্ভাবনাও রয়েছে।

পারিবারিক জীবনে মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকতে পারে। মানসিক উত্তেজনা ও অস্থিরতা নিয়ন্ত্রণে রাখা জরুরি—অপ্রিয় কথা বা আচরণ সমস্যার সৃষ্টি করতে পারে। আধ্যাত্মিক চর্চায় আগ্রহ বাড়বে। বৈশাখের শেষভাগ থেকে মাঘ পর্যন্ত বিবাহ বা সন্তানের প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। মাঝেমধ্যে বড় অঙ্কের অর্থপ্রাপ্তিও হতে পারে।

সন্তানের সঙ্গে মতবিরোধ বা মনোকষ্ট দেখা দিতে পারে। ভ্রমণের যোগও রয়েছে।

শুভ রত্ন: মুক্তো / ইন্দ্রনীলা বা ব্লু জারকন
শুভ স্তব: চন্দ্র স্তব, শ্রীহনুমান চালিসা, শ্রী নৃসিংহ বা দুর্গা
জপ: প্রার্থনা ও স্তোত্র পাঠ
পালনীয় দিন: শনিবার
শুভ রং: সাদা, আকাশি, হালকা নীল


সিংহ 

সিংহ রাশি: চলতি বছরটি নানা ঘটনা ও পরিবর্তনে ভরপুর থাকবে। স্বাস্থ্যদিক থেকে কিছুটা ভোগান্তি থাকতে পারে—বিশেষ করে দাঁত, গলা, লিভার, গ্যাস, পেটের সমস্যা, রক্তজনিত অসুখ, প্রেশার, সুগার ও হৃদরোগের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। চোট-আঘাত বা রক্তপাতের সম্ভাবনাও রয়েছে, তাই সাবধানে চলাফেরা করা প্রয়োজন।

পারিবারিক ক্ষেত্রে আত্মীয়-স্বজনদের সঙ্গে মতবিরোধ বা বিরূপতা তৈরি হতে পারে। পড়াশোনায় কিছু বাধা এলেও ধৈর্য ও মনোযোগ ধরে রাখতে পারলে অগ্রগতি সম্ভব, এমনকি উচ্চশিক্ষাতেও সফলতা আসতে পারে। তবে একগুঁয়েমি বা ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ না করলে উন্নতির পথে বাধা তৈরি হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রত্যাশিত ফল পেতে একটু বেশি পরিশ্রম করতে হবে।

ব্যবসার ক্ষেত্রে—বিশেষ করে লোহা, খনিজ দ্রব্য, গাড়ি, বাদ্যযন্ত্র ও বিলাসবহুল পণ্যের ব্যবসায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। সাহিত্যিক, শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, আইনজীবী, হিসাববিদ, ওষুধ, প্রিন্টিং, এডিটিং, বিজ্ঞাপন ও সমাজসেবামূলক কাজে যুক্তদের সম্মান ও পরিচিতি বাড়বে। আইটি বা অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের কাজের মধ্যে বাধা এলেও শেষ পর্যন্ত উন্নতির সম্ভাবনা থাকবে।

অগ্রহায়ণ, পৌষ ও মাঘ মাস তুলনামূলকভাবে বেশি শুভ ফল দেবে। অভিজ্ঞ বা গুণী ব্যক্তিদের সান্নিধ্য ও পরামর্শ আপনাকে সঠিক পথে এগোতে সাহায্য করবে। তবে অকারণ ঝামেলা, বিবাদ বা আইনি জটিলতা এড়িয়ে চলা অত্যন্ত জরুরি।

আধ্যাত্মিক বা ধর্মীয় কাজে মনোযোগ দিলে মানসিক শান্তি ও ইতিবাচক ফল লাভ করবেন।

শুভ রত্ন: রক্ত প্রবাল, গোমেদ
শুভ স্তব: আদিত্য হৃদয়ম
জপ: দুর্গার নাম
পালনীয় দিন: শনিবার ও রবিবার
শুভ রং: সাদা, হালকা ও উজ্জ্বল রং, লাল, হলুদ, সবুজ


কন্যা 

কন্যা রাশি: চলতি বছরটি মিশ্র ফলদায়ক হবে—শুভ ও অশুভ দুইই পাশাপাশি চলবে। স্বাস্থ্য মাঝে মাঝে সমস্যার কারণ হতে পারে, বিশেষ করে অতিরিক্ত পরিশ্রমের ফলে শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে। পেটের সমস্যা, লিভার, স্পন্ডাইলোসিস, হাড় ও বাতজনিত অসুখ, স্নায়ুজনিত সমস্যা, সর্দি-কাশি বা অজানা সংক্রমণে ভোগান্তি হতে পারে। পড়ে গিয়ে আঘাত পাওয়া, যানবাহন দুর্ঘটনা বা রক্তপাতের সম্ভাবনা থাকায় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।

দাম্পত্য জীবনে তৃতীয় পক্ষের কারণে অশান্তি তৈরি হতে পারে। যেকোনো কাজেই কিছু না কিছু বাধা আসবে, ফলে সাফল্য পেতে ধৈর্য ধরতে হবে। জমি বা বাড়ি কেনাবেচার ক্ষেত্রে জটিলতা বা ক্ষতির আশঙ্কা রয়েছে, তাই সতর্ক সিদ্ধান্ত নেওয়া জরুরি।

কর্মক্ষেত্রে—বিশেষ করে আইটি, এআই বা কন্ট্রাক্টচুয়াল কাজের সঙ্গে যুক্তদের জন্য চাপ বাড়তে পারে, এমনকি সাময়িক বেকারত্বের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তাই নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে এই বছরটি খুব উপযুক্ত নয়।

তবে উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষায় মনোযোগের কিছু ঘাটতি থাকলেও শেষ পর্যন্ত অগ্রগতি হবে। আর্থিক দিক অত্যন্ত ভালো—আয় ও অর্থপ্রাপ্তির সুযোগ থাকবে, যদিও মাঝে মাঝে কিছু বাধা বা চাপ আসতে পারে।

রেল, ব্যাংক, বিমা, প্রিন্টিং ও ম্যানেজমেন্ট সংক্রান্ত কাজে যুক্তদের জন্য সময়টি অনুকূল। এছাড়া রাসায়নিক ও ওষুধ ব্যবসা, চিকিৎসা, লেখালেখি, শিক্ষকতা, অধ্যাপনা, হিসাববিদ্যা ও আইন পেশার সঙ্গেও যুক্তদের জন্য সাফল্যের সম্ভাবনা রয়েছে।

প্রেমের ক্ষেত্রে কিছু বাধা থাকলেও বিবাহের যোগ বর্তমান। বিবাহবিচ্ছেদ সংক্রান্ত মামলায় অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা আছে। তবে শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজন বা বন্ধুদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নাও থাকতে পারে—তাদের দ্বারা বিরূপ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

তবে কোনো সৎ ও যোগ্য ব্যক্তির সহায়তায় কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার সুযোগ পাবেন।

শুভ রত্ন: পান্না বা ইন্দ্রনীলা
শুভ স্তব: শনিদেব ও নৃসিংহদেবের স্তব
জপ: কালীর নাম
পালনীয় দিন: শনিবার 
শুভ রং: আকাশি, সবুজ, সাদা


তুলা 

তুলা রাশি: চলতি বছরে কিছু বড় বাধা ও সমস্যার মুখোমুখি হতে হলেও শেষ পর্যন্ত উন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ছাড়া জীবনের অন্যান্য দিক মোটামুটি অনুকূলে থাকবে। তবে বছরে একাধিকবার অসুস্থতার সম্মুখীন হতে পারেন—বিশেষ করে বুক ও পেটের সমস্যা, আর্থ্রাইটিস, অর্শ বা গোপন অঙ্গের রোগ, কোমর থেকে নিচের অংশে ব্যথা বা আঘাতের আশঙ্কা রয়েছে।

কোনো গুরুত্বপূর্ণ ইচ্ছা পূরণ হওয়ায় মানসিক আনন্দ ও আত্মবিশ্বাস বাড়বে। কাজের প্রয়োজনে কাছাকাছি বা দূরবর্তী স্থানে যাতায়াতের যোগ রয়েছে। পড়াশোনার ক্ষেত্রে—বিশেষ করে এআই, কম্পিউটার বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে—এই বছরটি শুভ। তবে একাগ্রতা ও সঠিক দিকনির্দেশ বজায় রাখা জরুরি, না হলে অপ্রয়োজনীয় ভোগান্তি বাড়তে পারে।

চিকিৎসা ও বিজ্ঞান গবেষণায় যুক্তদের জন্য সময়টি অত্যন্ত অনুকূল—সাফল্য, স্বীকৃতি এবং রাজ্য, দেশ বা আন্তর্জাতিক স্তরে সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও ভালো ফল আসতে পারে। যেকোনো কাজে বাধা এলেও তা অতিক্রম করে সফলতা অর্জন সম্ভব।

ব্যবসার ক্ষেত্রে—বিশেষ করে বস্ত্র, রত্ন, স্বর্ণালংকার, বিলাসবহুল পণ্য এবং আমদানি-রপ্তানি সংক্রান্ত কাজে—ঝুঁকি থাকলেও লাভের সম্ভাবনা ভালো। শিক্ষক, শিক্ষাকর্মী, চিকিৎসক, আইনজীবী ও আদালত বা কারা বিভাগের কর্মীদের কর্মজীবনে উন্নতি হবে।

তবে অংশীদারি সম্পত্তি বা ব্যবসায় জটিলতা ও বড় সমস্যার সৃষ্টি হতে পারে, তাই সতর্ক থাকা প্রয়োজন। আচরণ ও কথাবার্তায় সংযম না রাখলে অপ্রত্যাশিত বিপদে পড়তে পারেন। সন্তানের চাকরি লাভের সুখবরও পেতে পারেন।

দাম্পত্য জীবন ও প্রেমের ক্ষেত্রে মিশ্র অভিজ্ঞতা থাকবে—কখনো মধুর, কখনো তিক্ত। অন্যের ব্যাপারে অযথা হস্তক্ষেপ করলে অপমানিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরনো কোনো আর্থিক মামলায় প্রতিকূল ফল আসতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ বাড়তে পারে।

আধ্যাত্মিক চর্চা বা দেবতার উপাসনায় মন দিলে মানসিক শান্তি ও শুভ ফল লাভের সম্ভাবনা প্রবল।

শুভ রত্ন: শ্বেত পোখরাজ বা শ্বেত জারকন
শুভ স্তব: শিব মহিম্ন স্তোত্র
জপ: শিবের নাম
পালনীয় দিন: শনিবার 
শুভ রং: উজ্জ্বল সবুজ, আকাশি, সাদা


বৃশ্চিক

বৃশ্চিক রাশি: নতুন বছরে বিভিন্ন সময় নানা ধরনের সমস্যা সামনে আসতে পারে, তাই শুরু থেকেই সতর্ক ও ধৈর্যশীল থাকা প্রয়োজন। স্বাস্থ্য নিয়ে বিশেষ যত্ন নিন—চর্মরোগ, সংক্রমণ, স্নায়ুজনিত সমস্যা, বাত, মেরুদণ্ড ও কোমর থেকে নিচের অংশে ব্যথা বা অস্বস্তি দেখা দিতে পারে। চোট-আঘাত, হাড় ভাঙা, রক্তপাত বা অস্ত্রোপচারের সম্ভাবনাও থাকায় সাবধানে চলাফেরা করা জরুরি।

শিক্ষাক্ষেত্রে—বিশেষ করে চিকিৎসা, তর্কশাস্ত্র ও ইঞ্জিনিয়ারিংয়ে—সাফল্যের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষায় কিছু বাধা এলেও ধীরে ধীরে অগ্রগতি হবে। আষাঢ়ের মধ্যভাগের পর থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষায় ভালো ফলের সম্ভাবনা বাড়বে।

কর্মক্ষেত্রে সহকর্মীদের বিরূপ মনোভাব বা বিরোধিতার সম্মুখীন হতে পারেন, তাই কৌশলীভাবে পরিস্থিতি সামলানো প্রয়োজন। জ্যৈষ্ঠ মাস থেকে আর্থিক উন্নতি ও আয় বৃদ্ধির সুযোগ তৈরি হবে। তবে নতুন ব্যবসা বা শিল্প শুরু করার আগে ভালোভাবে পরিকল্পনা করা জরুরি।

জমি, বাড়ি বা রাসায়নিক দ্রব্য সংক্রান্ত ব্যবসায় মাঝে মাঝে বাধা আসতে পারে। হঠকারী সিদ্ধান্ত বা পরিকল্পনার অভাবে ব্যবসা বা সম্পত্তি সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন। অর্থ লেনদেন, ঋণ দেওয়া বা নেওয়ার ক্ষেত্রে সতর্ক না থাকলে ক্ষতির সম্ভাবনা রয়েছে।

আইনজীবী, চিকিৎসক, অধ্যাপক, ইঞ্জিনিয়ার, স্থপতি বা নিরাপত্তা কর্মীদের কাজের চাপ বাড়লেও সামগ্রিকভাবে বছরটি শুভ ফল দেবে। দেশীয় বা আন্তর্জাতিক আমদানি-রপ্তানি ব্যবসায় যুক্তদের জন্য সতর্কতা অত্যন্ত জরুরি, যদিও পৌষ মাস থেকে এই ক্ষেত্রে পরিস্থিতি কিছুটা উন্নত হবে।

দাম্পত্য জীবন মোটামুটি ভালো থাকবে—সম্পর্কে মিশ্রতা থাকলেও বোঝাপড়া বজায় থাকবে। তবে জীবনসঙ্গী বা সন্তানের স্বাস্থ্যের কারণে মাঝে মাঝে উদ্বেগ বাড়তে পারে। সন্তানের কর্মপ্রাপ্তিতে কিছু বাধা আসতে পারে। উপযুক্ত ক্ষেত্রে বিবাহ বা সন্তান লাভের সম্ভাবনাও রয়েছে।

আগুন, বিদ্যুৎ ও জল সংক্রান্ত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন। আধ্যাত্মিক চর্চা বা দেবতার উপাসনা করলে অশুভ প্রভাব কমে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে।

শুভ রত্ন: গোমেদ, মুক্তো
শুভ স্তব: শিব সহস্রনাম
জপ: দুর্গার নাম
পালনীয় দিন: শনিবার 
শুভ রং: উজ্জ্বল লাল, হলুদ, গোলাপি


ধনু 

ধনু রাশি: চলতি বছরটি ভালো-মন্দ মিলিয়ে মোটের উপর শুভ বলা যায়। স্বাস্থ্য সাধারণত স্থিতিশীল থাকলেও অতিরিক্ত পরিশ্রম ও অনিয়মিত খাবারের কারণে ক্লান্তি বা অসুস্থতা দেখা দিতে পারে। বিশেষ করে পেট, বুক, স্নায়ু, মাথাব্যথা, সর্দি-কাশি, শ্বাসকষ্ট ইত্যাদিতে ভোগান্তি হতে পারে—তাই নিয়মিত জীবনযাপন বজায় রাখা জরুরি।

অর্থনৈতিক দিক অত্যন্ত শুভ। একাধিক উৎস থেকে আয় ও সঞ্চয়ের সুযোগ তৈরি হবে। পারিবারিক ও দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতি হবে এবং পুরনো কোনো সমস্যার সমাধান হতে পারে।

চাকরিজীবীদের ক্ষেত্রে উন্নতি ও পদোন্নতির সম্ভাবনা থাকলেও তা সহজে আসবে না—কিছু বাধা অতিক্রম করতে হবে। সরকারি, বেসরকারি, পুলিশ, প্রতিরক্ষা, আইন, ব্যাংক, বিমা বা অসংগঠিত ক্ষেত্রে কর্মরতদের জন্য বাধার মধ্যেও সাফল্য ও সম্মান বৃদ্ধির যোগ রয়েছে।

ব্যবসার ক্ষেত্রে—বিশেষ করে ওষুধ, ভেষজ দ্রব্য, খাদ্যশস্য, ভোজ্য তেল ইত্যাদি সংক্রান্ত কাজে—বিশেষ সাফল্যের সম্ভাবনা রয়েছে। উচ্চশিক্ষা ও পেশাগত শিক্ষায়ও অনুকূল ফল মিলতে পারে।

কর্মক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ, কারণ এর ফলে প্রশাসনিক ক্ষমতা, দায়িত্ব, সুনাম ও প্রভাব বৃদ্ধি পাবে। চিকিৎসা ও গবেষণার সঙ্গে যুক্তদের জন্য বিশেষ সাফল্য ও নামী প্রতিষ্ঠানে কাজের সুযোগ আসতে পারে।

শুভ রত্ন: পীতাম্বর নীলা
শুভ স্তব: দুর্গা সহস্রনাম
জপ: দুর্গার নাম
পালনীয় দিন: বৃহস্পতি ও শনিবার 
শুভ রং: উজ্জ্বল হলুদ, লাল, সাদা


মকর 

মকর রাশি: চলতি বছরটি সার্বিকভাবে অত্যন্ত শুভ ফলদায়ক হবে। বিশেষ করে আর্থিক দিক অত্যন্ত শক্তিশালী—একাধিক উৎস থেকে আয় বাড়বে এবং উপার্জনের নতুন সুযোগ তৈরি হবে। জমি, বাড়ি, গাড়ি বা অন্যান্য সম্পত্তি অর্জনের প্রবল সম্ভাবনা রয়েছে।

স্বাস্থ্য মোটামুটি ভালো থাকলেও পুরনো কোনো সমস্যা মাঝে মাঝে অস্বস্তি দিতে পারে। পেট, স্নায়ু, বুক, জ্বর, সর্দি-কাশি বা নিম্নাঙ্গে ছোটখাটো সমস্যার সম্ভাবনা রয়েছে। চোট-আঘাত বা হাড়ের সমস্যা এড়াতে চলাফেরায় সতর্ক থাকা প্রয়োজন। পরিবারের কোনো সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিতে পারে।

মানসিক অস্থিরতা ও কথাবার্তায় অসংযম এড়িয়ে চলতে পারলে কর্মক্ষেত্রে ভালো সাফল্য অর্জন করবেন। কাজ বা ব্যবসার ভবিষ্যৎ পরিকল্পনা করার সময় ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া জরুরি।

শিক্ষাক্ষেত্রে—বিশেষ করে কলাশাস্ত্র ও ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রছাত্রীদের জন্য—উচ্চশিক্ষায় সাফল্য ও সম্মান লাভের সম্ভাবনা রয়েছে। সন্তানের পড়াশোনা বা কর্মজীবনে সাফল্য আপনাকে গর্বিত করবে।

তবে শেয়ার বাজার বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকা অত্যন্ত জরুরি, কারণ ভুল সিদ্ধান্তে বড় ক্ষতির সম্ভাবনা রয়েছে।

শুভ রত্ন: ব্লু জারকন
শুভ স্তব: শ্রীহনুমান চালিসা
জপ: দুর্গার নাম
পালনীয় দিন: শনিবার 
শুভ রং: উজ্জ্বল আকাশি, সাদা


কুম্ভ 

কুম্ভ রাশি: চলতি বছরে কিছু সমস্যা থাকলেও ধীরে ধীরে সেগুলি কাটিয়ে উঠে উন্নতির পথে এগোতে পারবেন। আর্থিক দিক বেশ ভালো—একাধিক উৎস থেকে আয় হবে এবং গুরুজনের কাছ থেকেও অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে।

তবে স্বাস্থ্য নিয়ে বিশেষ সতর্ক থাকা প্রয়োজন, কারণ এই বছরটি শারীরিক দিক থেকে খুব অনুকূল নয়। পেটের সমস্যা, পাকস্থলীর অসুবিধা, রক্ত ও চর্মরোগ, ফোঁড়া, পুরনো ক্ষত, হাড় ও গ্রন্থিজনিত সমস্যা, কোমর থেকে নিচের অংশে ব্যথা—এসব বিষয়ে ভোগান্তি হতে পারে। তাই শুরু থেকেই সচেতন থাকা জরুরি। সন্তানের স্বাস্থ্যের দিকেও সারা বছর নজর রাখা প্রয়োজন।

কর্মক্ষেত্রে উন্নতি, সম্মান ও পদোন্নতির সম্ভাবনা থাকলেও কিছুটা বিলম্ব হতে পারে। নতুন কাজের সুযোগও আসতে পারে। তবে শরিকি সম্পত্তি সংক্রান্ত মামলায় জটিলতা বাড়ার আশঙ্কা রয়েছে।

জমি, বাড়ি বা গাড়ি কেনাবেচার ক্ষেত্রে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষক, অধ্যাপক, চিকিৎসক, নার্স বা গোয়েন্দা বিভাগের সঙ্গে যুক্তদের কর্মজীবনে সাফল্য ও সুনাম বৃদ্ধি পাবে। অর্থনীতি ও অপরাধবিজ্ঞান সংক্রান্ত গবেষণায়ও শুভ ফল মিলতে পারে।

তবে আত্মীয়-স্বজন, প্রতিবেশী বা ভাইবোনদের সঙ্গে সম্পর্ক সবসময় অনুকূল নাও থাকতে পারে—তাই সংযম ও ধৈর্য বজায় রাখা প্রয়োজন।

শুভ রত্ন: ব্লু জারকন, গোমেদ
শুভ স্তব: দক্ষিণাকালী ও শ্রীহনুমান স্তব
জপ: দুর্গার নাম
পালনীয় দিন: শনিবার 
শুভ রং: উজ্জ্বল সাদা, আকাশি, সবুজ


মীন 

মীন রাশি: চলতি বছরটি ভালো-মন্দ মিলিয়ে কাটবে। বিশেষ করে যাঁদের জন্ম ১৫° থেকে ৩০°-এর মধ্যে, তাঁদের ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বাধা কিছুটা বেশি অনুভূত হতে পারে। তবে সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থার উন্নতি হবে এবং সঞ্চয়ের ক্ষেত্রও শক্তিশালী হয়ে উঠবে।

ব্যবসায়ী ও পেশাজীবীদের কাজে মাঝেমধ্যে বাধা এলেও শেষ পর্যন্ত অগ্রগতি হবে। তবে স্বাস্থ্যগত দিক খুব একটা অনুকূল নয়—ফুসফুস, হৃদযন্ত্র, পেট, বাত, স্নায়ু বা পুরনো রোগের সমস্যা বাড়তে পারে। পড়ে গিয়ে দুর্ঘটনা, হাড় ভাঙা বা রক্তপাতের সম্ভাবনা থাকায় বিশেষ সতর্ক থাকা প্রয়োজন।

শিক্ষক, আইনজীবী, শিল্পী, সাহিত্যিক, অভিনেতা-অভিনেত্রী এবং ওষুধ, ভেষজ, খাদ্যশস্য ও বস্ত্র ব্যবসার সঙ্গে যুক্তদের জন্য সময়টি অনুকূল। তবে কর্মক্ষেত্রে গুপ্তশত্রু বাড়তে পারে, তাই সচেতন থাকা জরুরি।

দাম্পত্য ও পারিবারিক জীবনে মাঝে মাঝে অশান্তি বা মতবিরোধ দেখা দিতে পারে। সন্তানের পড়াশোনায় অনীহার কারণে মনঃকষ্ট হতে পারে। জল, বিদ্যুৎ বা বিপজ্জনক প্রাণী থেকে সাবধানে থাকা উচিত।

গুরুজনের স্বাস্থ্যের দিকেও কিছুটা উদ্বেগ থাকতে পারে। ধৈর্য ও সংযম বজায় রাখলে প্রতিকূল পরিস্থিতি সামলে নেওয়া সম্ভব হবে।

শুভ রত্ন: পীত পোখরাজ, গোমেদ
শুভ স্তব: দুর্গা সহস্রনাম বা তারা স্তব
জপ: দুর্গার নাম
পালনীয় দিন: বৃহস্পতি ও শনিবার 
শুভ রং: উজ্জ্বল হলুদ, সাদা, লাল