শ্রী শ্রীদুর্গার অষ্টোত্তর শতনাম

১. জগতের জন তোমা দুর্গানামে জানে
২. দুর্গানাম প্রচলিত এ তিন ভুবনে
৩. ভক্তগণ দিবানিশি বলে মা শঙ্করী
৪. দেবগণ নাম তব দেন সুরেশ্বরী
৫. মহারাত্রি মহোদরী কর মোরে দয়া
৬. মহাদেবপ্রিয়া নাম কৃত্তিবাস প্রিয়া
৭. পণ্ডিতেরা নাম দিল কপালমালিকে
৮. কেহ বলে কৃপা কর জয় মা কালিকে
৯. দয়া করি দয়াময়ী ত্রিদিব-জননী
১০. নিশাপতি নাম দিল কাল-করালিনী
১১. বিশ্ববাসী বলে উমা জগত-জননী
১২. সখিগণ নাম রাখে মহেশগৃহিণী
১৩. কংসধামে নাম দিল তব মহামায়া
১৪. কালজায়া হেতু নাম দিল কালজায়া
১৫. যমপুরে কহে তোমা কৃতান্ত দলনী
১৬. ভক্তবৃন্দ বলে তোমা মাগো কাত্যায়নী
১৭. নারায়ণ নাম রাখে সর্ববিশ্বোদরী
১৮. শুভকার্যে সকলেই কহে শুভঙ্করী
১৯. দেবলোকে নাম তব হইল ঊর্বশী
২০. আর এক রূপের নাম হইল ষোড়শী
২১. শ্রীমন্ত নাম দিল কল্যাণী কমলে
২২. গায়ত্রী নাম তব কহেন পাতালে
২৩. মাতঙ্গী আর এক নাম রাখিল সকলে
২৪. মহেশ নিকটে তুমি হইলে বগলে
২৫. পবন রাখিল নাম ভুবন-ঈশ্বরী
২৬. রাজগণ নাম দিল রাজ-রাজেশ্বরী
২৭. কেহ বলে ক্ষান্তি ক্ষেম দেবী ক্ষেমঙ্করী
২৮. মহিষমর্দিনী নাম দিল অসুরারি
২৯. ছিন্নমস্তা নামে নিজ শিরচ্ছিন্ন কর
৩০. দৈত্যদর্প নিসুদিনী নাম তুমি ধর
৩১. দেবদেবীগণ কহে বিরিঞ্চি-নন্দিনী
৩২. পাপীগণ কহে দেবী পাপবিনাশিনী
৩৩. দেবী দিগম্বরী নাম কহিলেন সবে
৩৪. দুর্গে দুর্গে অরি তাই নাম হয় শিবে
৩৫. অপরাজিতা নাম দিল যতেক ব্রাহ্মণ
৩৬. উগ্রচন্ডা নাম রাখে পবন-নন্দন
৩৭. ঈশ্বরী তোমার নাম দিল দিনমণি
৩৮. গণপতি মাতা তেঁই গণেশ জননী
৩৯. কেহ ডাকি বলে তোমা এস মা ঈশানী
৪০. ইন্দ্রপুরে সকলেই কহে যে ইন্দ্রাণী
৪১. ভবেশ-ঘরণী মাগো অগতির গতি
৪২. সর্বাণী আরেক নাম রাখে রাধাপতি
৪৩. জগত্তারিণী নাম রাখে বিশ্বপতি
৪৪. সর্বসুখদাত্রী তাই তুমি ভগবতী
৪৫. অন্নে পূর্ণ ছিলে যবে অন্নপূর্ণা নাম
৪৬. মহেশ্বরী নাম তব রাখেন শ্রীরাম
৪৭. প্রকৃতির অংশজাতা ব্রহ্মাণ্ড-জননী
৪৮. শিব অঙ্কলক্ষ্মী তুমি শিবের শিবানী
৪৯. সহস্র প্রণাম তব সত্যসনাতনী
৫০. এ দাসের কৃপা কর তুমি মা ভবানী
৫১. চন্ডী নাম হইল তব চন্ডীমণ্ডপে
৫২. এলোকেশী নাম দিল নহুষাদি ভূপে
৫৩. মায়া মহোদরী নাম রাখিল অর্যমা
৫৪. গঙ্গা রাখিলেন মহেশ্বরী হররমা
৫৫. মুনিগণ নাম তব রাখেন সারদা
৫৬. বালখিল্য নাম তাই দিলেন বরদা
৫৭. আর এক নাম তব সুখদা অন্নদা
৫৮. মৃগেশবাহিনী শিব কহিছেন সদা
৫৯. মহেশের ঘরে থাক মহেশ ভাবিনী
৬০. কালিকে কালিকা শ্যামা কহেন ইন্দ্রাণী
৬১. সুরেশ বন্দিনী বামা কামাখ্যা রুদ্রাণী
৬২. বৃন্দাদূতী নাম রাখে হরা হররানী
৬৩. উদ্ধব কহিল তোমা শমন-ত্রাসিনী
৬৪. দেবগণ কহে সবে অরিষ্ট-নাশিনী
৬৫. দাক্ষায়ণী নাম তব রাখে সরস্বতী
৬৬. হিমাচলে নাম তব হইল পার্বতী
৬৭. শঙ্করী সুন্দরী বলি কহে মন্দোদরী
৬৮. শিব সাথে বিরাজিতা শিব-সহচরী
৬৯. শিবদারা এক নাম রাখে স্বর্গপুরী
৭০. শান্তিদানে নাম তব হয় কান্তিকরী
৭১. শুভঙ্করী শুভকার্যে হও কপালিনী
৭২. বলে সবে ওমা তারা ত্রিলোকতারিণী
৭৩. প্রিয়ঙ্করী এক নাম রাখে দেবমণি
৭৪. দুর্বাসা রাখিল নাম মৃগাঙ্গ আননী
৭৫. ভীমে বলি ডাকিছেন ক্রোধী জহ্নুমুনি
৭৬. প্রহ্লাদ রাখিল নাম গিরিশবন্দিনী
৭৭. রাখালেরা নাম দিল গৌমাতা গৌরী
৭৮. গান্ধারী রাখিল নাম গোপেশকুমারী
৭৯. গিরীন্দ্রনন্দিনী নাম দিল ব্রজেশ্বরী
৮০. কেহ বা বলেন তোমা গোপেশ কুমারী
৮১. আর এক নাম তব গজেন্দ্র জননী
৮২. বিশ্বামিত্র নাম দিল গোবিন্দ-ভগিনী
৮৩. দৈবকী রাখিল নাম যোগেশ যোগিনী
৮৪. কেহ কেহ নাম রাখে পরা-পরায়ণী
৮৫. দেব দাক্ষায়ণী দক্ষ-যজ্ঞ বিনাশিনী
৮৬. শিবা শাকম্ভরী নাম রাখে ঔর্বমুনি
৮৭. ত্রিজগৎ দুঃখ নাশি ত্রিতাপহারিণী
৮৮. নরগণ কহে তোমা ভবেতে ভবানী
৮৯. কেহ ডাকিছে বলি এস মা ব্রহ্মাণী
৯০. আর এক নাম তব কালী কপালিনী
৯১. শিবসাথে সততই শিব-নিতম্বনী
৯২. অরি বিনাশিনী তুমি অরিষ্ট-স্তম্ভনী
৯৩. ভরণী ভাবিনী তুমি ভব মনোহরা
৯৪. কৌমারী অপর নাম ভব শিবকরা
৯৫. জয়াবতী নাম তব অর্পণা রাখিল
৯৬. অন্নদা বলিয়া নাম অন্নদা যে দিল
৯৭. সর্ব সিদ্ধিদাত্রী বলি ভৃগু নাম রাখে
৯৮. আয়ান কহিল তোমা নৃমুন্ডমালিকে
৯৯. চামুন্ডে চন্ডিকা নামে ত্রিভুবনে খ্যাত
১০০. নারায়ণী নাম তব জগৎ বিখ্যাত
১০১. দেবী দাক্ষায়ণী দক্ষযজ্ঞ বিনাশিনী
১০২. কামদেব নাম রাখে মম্মথমোহিনী
১০৩. গিরিরাজ গৃহে তুমি মেনকা দুলালী
১০৪. পাতালেতে ছিল নাম দেবী ভদ্রকালী
১০৫. দানবদলনী মাতা বৈষ্ণবী-জৃম্ভিণী
১০৬. মহাকালী নাম দিল বিন্ধ্য নৃপমণি
১০৭. জয়া নাম রাখিলেন সঙ্গের সঙ্গিনী
১০৮. শেষ নাম হল তব দেবী প্রমথিনী

ফলশ্রুতি

ভক্তিভরে তব পদ করিয়া শরণ।
অষ্টোত্তর শতনাম করিনু বর্ণন।

যেই জন এই নাম করিবে পঠন।
সুনিশ্চিত হবে তার দুর্গতি মোচন।

যার ঘরে এই বই রহে বিদ্যমান।
দুর্গা বরে হবে তার পূর্ণ মনস্কাম।

যাত্রাকালে দুর্গা দুর্গা স্মরে যেই জন।
সর্ব কর্মে জয়ী তিনি সুনিশ্চিত হন।

মাতৃজ্ঞানে যেইজন রমণীরে করে।
দেবী মহামায়া এসে কোল দেন তাঁরে।

নারীমাত্র পৃথিবীর অংশ মহামায়া।
তাহার সন্মানে মাতা দেন পদচ্ছায়া।

নমো দেবী মহামায়া ত্রিদিব-জননী।
নমো মাতা চন্ডীদেবী জগৎ-তারিণী।

নিস্তার কর গো মোরে ওমা নিস্তারিণী।
সর্ব কর্মে যশঃ দেহ তুমি মা ভবানী।

যেই জন এক মনে দুর্গা নাম ডাকে।
শত্রু ভয় থাকে নাকো রক্ষা কর তাকে।

দুর্গা নামে দুঃখ নাশ শাস্ত্র হেন কয়।
জনম মরণ নাশে নাহি যমভয়।

নমো নমো দেবী দুর্গা কাল-নিবারিণী।
মহাকাল মনোহরা মহিষমর্দিনী।

অসুর সংহার কর দনুজদলনী।
কালরাত্রি কালীমাতা তুমি করালিনী।

নমো হিমাচল কন্যা স্কন্দ-মাতৃ ভীমা।
শক্তিময়ী মাতা তোমা দিতে নারি সীমা।

নমো নমো দুর্গাদেবী মহেশ্বরপ্রিয়ে।
এ দীনেরে রক্ষ পদে কৃপা বিতরিয়ে।

জয় মা দুর্গা 🙏
দুর্গা দুর্গা দুর্গা