🌧️ ১৪৩৩ সালের বৃষ্টি গণনা

⛈️
বৈশাখ
সৌর বৈশাখ মাসে প্রাকৃতিক কারণে কালবৈশাখী ঝড়, রৌদ্রের প্রখরতা বৃদ্ধি এবং শনি, বৃহস্পতি, বুধ ও শুক্রের রাশি পরিবর্তন ও বুধের অস্তমিত হওয়ার জন্য ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
🌦️
জ্যৈষ্ঠ
এই মাসে বুধ, বৃহস্পতি ও শুক্রের এক রাশি থেকে অন্য রাশিতে গমন এবং বুধের পশ্চিমে উদয়ের জন্য মাঝে মধ্যে বর্ষণযোগ দেখা যায়। গ্রীষ্মাধিক্য অধিক হবে এবং কোনও কোনও স্থানে পানীয় জলের সঙ্কট দেখা যাবে।
🌧️
আষাঢ়
এই মাসে মঙ্গল ও শুক্রের রাশিসঞ্চার, বৃহস্পতির বর্ধমান অবস্থা ও পশ্চিমে অস্তমিত হওয়া, বুধের বক্রগতি ও পশ্চিমে অস্তমিত হয়ে পরে পূর্বে উদিত হওয়া এবং মাসের শেষদিকে বুধের বক্রত্যাগের জন্য আকাশ প্রায়শই মেঘাচ্ছন্ন থাকবে এবং মাসের শেষার্ধে প্রবল বর্ষণ হবে।
🌊
শ্রাবণ
এই মাসে মঙ্গল, বুধ ও শুক্রের রাশিসঞ্চার, গুরুর বর্ধমান অবস্থা ও পূর্বে উদয়, বুধের পূর্বে অস্তমিত হওয়া এবং শনির বক্রগতির জন্য প্রচুর বৃষ্টির যোগ দেখা যাবে। মাসের মাঝামাঝি বায়ুপ্রবাহ ঘটবে।
🌤️
ভাদ্র
এই মাসে বুধের পশ্চিমোদয়, বৃহস্পতির বাল্যাবস্থা ত্যাগ এবং বুধ ও শুক্রের রাশি পরিবর্তনের জন্য বৃষ্টিযোগ পরিলক্ষিত হবে। রৌদ্রের প্রখরতা অধিক হবে।
⛈️
আশ্বিন
এই মাসে মঙ্গল, বুধ ও শুক্রের রাশ্যান্তর, বুধ ও শুক্রের বক্রগতি, বক্র শুক্রের বর্ধমান অবস্থা ও পশ্চিমে অস্তমিত হওয়ার কারণে সময়ে সময়ে ঝটিকাসহ বারিবর্ষণযোগ দেখা যাবে।
🍃
কার্তিক
এই মাসে বৃহস্পতির অতিচার গতি দ্বারা রাশি পরিবর্তন, মঙ্গলের এক রাশি থেকে অন্য রাশিতে গমন, বক্রী বুধের পশ্চিমে অস্তমিত হওয়া, বক্রী বুধ ও শুক্রের পূর্বে উদয়, বক্রী শুক্রের বাল্যত্যাগ এবং বুধ ও শুক্রের বক্রত্যাগের জন্য কোথাও কোথাও বৃষ্টিযোগ দেখা যাবে এবং মাসের শেষভাগে শীতল বায়ুপ্রবাহ ঘটবে।
☁️
অগ্রহায়ণ
এই মাসে বুধের পূর্বে অস্তমিত হওয়া, শুক্র ও বুধের রাশিসঞ্চার, শনির বক্রত্যাগ এবং গুরুর বক্রগতির জন্য আকাশ মধ্যে মধ্যে মেঘাচ্ছন্ন হবে, আবহাওয়া কখনও শীতল কখনও শীতোষ্ণ থাকবে।
❄️
পৌষ
এই মাসে শুক্র ও বুধের রাশিসঞ্চার এবং মঙ্গলের বক্রগতির জন্য হিমপ্রবাহ ও শিশিরপাত ঘটবে। মাসের শেষাংশে স্থানে স্থানে বৃষ্টি হতে পারে।
🥶
মাঘ
এই মাসে বুধ, শুক্র, রাহু, কেতু ও বৃহস্পতির বক্রগতি দ্বারা রাশিসঞ্চার এবং বুধের পশ্চিমে উদয় ও পরে বক্রী বুধের পশ্চিমে অস্তমিত হওয়ার জন্য প্রবল শিশিরপাত ও শীত পড়ার সম্ভাবনা রয়েছে। মাসের শেষভাগে সামান্য বৃষ্টিপাত হতে পারে।
🌫️
ফাল্গুন
এই মাসে বক্রী মঙ্গল, বুধ ও শুক্রের রাশিসঞ্চার এবং বক্রী বুধের পূর্বোদয় ও বুধের বক্রত্যাগের জন্য শীতের প্রকোপ হ্রাস পাবে। প্রায়শই আকাশে কুয়াশার আধিক্য দেখা যাবে; মাসের শেষাংশে কোনও কোনও স্থানে বৃষ্টির যোগ দেখা যায়।
🌩️
চৈত্র
এই মাসে বুধ ও শুক্রের রাশি পরিবর্তন, মঙ্গলের বক্রত্যাগ, মঙ্গলের পূর্বে অস্তমিত হওয়া এবং শনির পশ্চিমে অস্তমিত হওয়ার জন্য দৈনন্দিন তাপমাত্রা বৃদ্ধির যোগ দেখা যায়। মেঘগর্জন, ঝটিকা এবং শিলাবৃষ্টির যোগও দেখা যায়।